শিবাশিস মুখোপাধ্যায়ের জন্ম ১৭ অক্টোবর ১৯৬৩ ৷ পড়াশোনা সাহিত্য নিয়ে৷ প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৯৩ সালে দেশ পত্রিকায়৷১৯৯৯ সালে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ “ইস্কুল অফিস ছাপাখানা” র জন্য ২০০০ সালে সম্পাদক সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত থেকে পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার৷ পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার( ২০১০, ২০২৩) এবং পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সুভাষ মুখোপাধ্যায় সম্মান (২০১৮)৷ সাহিত্য অকাদেমির স্কলারশিপ পেয়ে গবেষণা করেছেন কাব্যনাটক নিয়ে৷ আমন্ত্রিত হয়ে কবিতা পড়েছেন দেশ বিদেশের নানান জায়গায়৷ কবিবন্ধু পিনাকী ঠাকুরের সঙ্গে সম্পাদনা করেছেন কবিতা পত্রিকা ‘কাহ্ন’৷ চর্যাপদের কবি কাহ্নপাদকে নিয়ে লিখেছেন উপন্যাস৷ লিখেছেন বেশ কয়েকটি নাটকও৷ ‘সুখচর গ্রুপ’ নাট্যগোষ্ঠীর সঙ্গে প্রথম থেকেই জড়িত ৷ থাকেন সুখচরেই৷